আশুলিয়ায় দেশীয় শুটার গানসহ গ্রেপ্তার- ১

আগের সংবাদ

শারদীয় দুর্গোৎসব হোক আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক- এ.কে. আজাদ

পরের সংবাদ

আশুলিয়ায় জাপানিজ ভাষা শিক্ষায় বিশ্বরেকর্ডধারী শিক্ষার্থীকে সংবর্ধনা

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৪:০২ অপরাহ্ণ, ২৬/০৯/২৫

ঢাকার আশুলিয়ার ঘোষবাগে ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার লিমিটেড আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জাপানিজ ভাষা শিক্ষা পরীক্ষায় (JLPT-N4) বিশ্ব রেকর্ড অর্জনকারী শিক্ষার্থী মোঃ মাসুম আলিকে সম্মাননা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী বলেন, সরকার ঘোষিত জাপানে লক্ষাধিক কর্মী প্রেরণের ক্ষেত্রে কেবল ভাষা শিক্ষা নয়, পাশাপাশি জাপানি সংস্কৃতির শিক্ষার গুরুত্বও অপরিসীম।

তিনি বলেন, বাংলাদেশের দক্ষ জনশক্তি পর্যাপ্ত মেধা থাকা সত্ত্বেও কেবল ভাষাগত দুর্বলতার কারণে জাপানসহ উন্নত দেশে পিছিয়ে পড়ছে। অথচ দূরদর্শী পরিকল্পনা নিয়ে এগোলে অনেক আগেই কয়েকগুণ বেশি বৈদেশিক মুদ্রা আয় সম্ভব হতো।

অনুষ্ঠানে JLPT-N4 ও JFT-A2 পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। এসময় ইউনিক গ্রুপের এমডি আরও বলেন, ভিয়েতনাম, মিয়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার মতো দেশ যেখানে জাপানে ১২ থেকে ১৬ খাতে শ্রমিক পাঠাচ্ছে, সেখানে বাংলাদেশ এখনো মাত্র তিনটি ট্রেডে (কেয়ারগিভার, কনস্ট্রাকশন ও কৃষি) জনশক্তি পাঠাচ্ছে। এ ক্ষেত্রে ভাষা শিক্ষা অপরিহার্য।

তিনি যোগ করেন, জাপানে দক্ষ শ্রমিক পাঠানো গেলে মধ্যপ্রাচ্যের তুলনায় দশগুণ বেশি রেমিট্যান্স আসবে। এজন্য দেশের স্বার্থে আরও বেশি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার লিমিটেডের ডিজিএম (ট্রেনিং এন্ড অপারেশন) জাহেদুল হক তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ছানোয়ারুল হক, বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আলমগীর হোসেন, ইউনিক গ্রুপের জিএম (আইটি) কৌশিক আহমেদ এবং জাপানিজ ল্যাংগুয়েজ কনসালট্যান্ট তামি রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিক গ্রুপের সিইও সৈয়দ ছানোয়ারুল হক বলেন, জাপানে নির্মাণ, কৃষি, কেয়ারগিভার, ট্যুরিজম, আইসিটি সহ বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশিদের জন্য বিশাল সম্ভাবনা তৈরি হচ্ছে। যথাযথ প্রশিক্ষণ নিয়ে এগিয়ে গেলে শিক্ষার্থীরা সহজেই জাপানে আকর্ষণীয় বেতনে চাকরি করতে পারবে।

সংবর্ধিত শিক্ষার্থী মোঃ মাসুম আলী বলেন, তিনি JLPT-N4 পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশে রেকর্ড গড়েছেন। তিনি আরও বলেন, সঠিক প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রম করলে জাপানিজ ভাষা শেখা কঠিন কিছু নয়, বরং এটি আমাদের উজ্জ্বল ভবিষ্যতের সোপান হতে পারে।