সাভারের বিকেএসপিতে জুলাই বিপ্লবে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের জন্য উন্নত ক্রীড়া প্রশিক্ষণ (এ্যাডভান্সড স্পোর্টস ট্রেনিং) ক্যাম্পের শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় এবং বিকেএসপির পরিচালনায় আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম।
অনুষ্ঠানে আর্চারি, টেবিল টেনিস ও শ্যুটিং — এই তিনটি ক্রীড়া বিভাগে নির্বাচিত ১২ জন আহত ছাত্রকে নিয়ে দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ দেয়া হবে।
এর আগে গত জুলাই মাসে তাদের এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে যোগ্যতার ভিত্তিতে তাদের আগামী প্যারা অলিম্পিকের জন্য প্রস্তুত করা হবে।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম বক্তব্যে প্রথমেই জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদদের দেশের জন্য আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে সবাইকে কাজ করতে হবে। তিনি মনে করেন, প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা একদিন প্যারা অলিম্পিকের মতো বিশ্বমঞ্চে অংশগ্রহণ করে বিশ্বের কাছে বাংলাদেশের ছাত্র–জনতার বীরত্বের কথা তুলে ধরবে। এতে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা জাতিকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে, নতুন করে বেঁচে থাকার চেতনা জাগিয়েছে। এ চেতনাই আমাদের আগামী দিনের পথচলার দিশা দেখাবে। পাশাপাশি বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণার্থীরাও এই যোদ্ধাদের দেখে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই–আগস্ট বিপ্লবের শহীদ জননী এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর।