সাভার-আশুলিয়ার ৩ ছাত্র হত্যা মামলার চার্জশীট দাখিল

আগের সংবাদ

চালকদের জন্য ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ও ভাতা চালু হবে: বিআরটিএ চেয়ারম্যান

পরের সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বিকাশ কর্মীকে অপহরণ: গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:৪৩ অপরাহ্ণ, ০৪/০৯/২৫

বড়াইগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বৃহস্পতিবার সকালে আতিকুর রহমান (২৬) নামে এক বিকাশ কর্মীকে অপহরণের ঘটনা ঘটেছে। এদিকে, অপহরণের সময় ঘটনাস্থল থেকে সালেহ আহম্মেদ সাইফুল (৫৫) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত আতিকুর বড়াইগ্রামের লীকোল মহল্লার রফিকুল ইসলামের ছেলে।

গ্রেপ্তার সাইফুল কুমিল্লা জেলার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শী বিকাশ কর্মী ফারুক খান ও সুজন আহম্মেদ জানান, আতিকুরসহ তারা তিন জন সকাল ১০টার দিকে তিনটি মোটর সাইকেলে বনপাড়া বাইপাস এলাকায় বিকাশের অফিস থেকে বের হয়ে পেশাগত কাজে মৌখাড়া হাটের দিকে যাচ্ছিলেন। পথে নটাবাড়িয়া দক্ষিণপাড়া কবরস্থানের পাশে সাত-আটজন ব্যক্তি হাতে পিস্তল ও হ্যান্ডকাপসহ রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে মোটর সাইকেল থামাতে বলেন। এ সময় পাশে একটি সাদা রঙের মাইক্রোবাস দাঁড়ানো ছিল এবং তাদের সবারই পায়ে একই রকম জুতা, পুলিশের পোশাকের প্যান্ট ও সাদা শার্ট পরা ছিলো। তারা সেখানে মোটর সাইকেল থামানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা আতিককে হাতে হ্যান্ডকাপ পড়িয়ে মাইক্রোবাসে তুলে নেন। এ সময় কেন তাকে আটক করা হয়েছে জানতে চাইলে তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে থানায় গিয়ে কথা বলতে বলেন এবং দ্রুত মাইক্রোবাস চালিয়ে চলে যান। পরে সেখানে দাঁড়িয়ে থাকা অপহরণকারী চক্রের সদস্য সাইফুল আতিকুরের মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই দুই বিকাশ কর্মী স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এদিকে, অপহৃত আতিকের কাছে থাকা তিন লাখ টাকা হাতিয়ে নিয়ে দুর্বৃত্তরা হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায়।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, অপহৃত ব্যক্তি টাঙ্গাইলের কালিহাতি থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাকে আনার জন্য লোক পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের সর্বশেষ