বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ শাদউদ্দিন আহমেদ বলেছেন, “চালকদের জন্য আন্তর্জাতিকমানের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালু করা হবে।
প্রতি প্রশিক্ষণার্থীকে ১৮ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। চালকদের অবসর জীবনে পেনশন ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের উদ্যোগও চলছে।
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চালকদেরও প্রশিক্ষিত হতে হবে। শুধু প্রশিক্ষণ ও ইউনিফর্ম নয়, এর মর্যাদা রক্ষা করতে হবে। যাত্রী ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম, গাড়ির ফিটনেস রক্ষা এবং দায়িত্বশীল ড্রাইভিং ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এবং গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় গ্রিন আমব্রেলা প্রকল্পের বাস্তবায়নে পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন এএফএম মো. মশিউর রহমান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মোর্শেদ সরোয়ার সোহেল, নারায়ণগঞ্জ জেলা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।