আশুলিয়ার শ্রীপুর এলাকায় জেনস প্লাস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বাৎসরিক ছুটির পাওনা টাকাসহ কয়েকটি দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, ফলে সড়কের দুই পাশে তীব্র যানজট তৈরি হয়। প্রায় ৩ ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে তারা মহাসড়ক ছেড়ে দেন।
শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে তারা বাৎসরিক ছুটির টাকা এবং সাতজন কর্মকর্তার অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিলেন, তবে কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ২৮ নভেম্বর বৃহস্পতিবার তারা কারখানার কাজে শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করলে কর্তৃপক্ষ তাদের দাবির কিছু অংশ মেনে নিয়ে দুই কর্মকর্তাকে অপসারণ করেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু টাকা পরিশোধ করেন। বাকি টাকা শনিবার দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এ দিকে শনিবার সকালে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। পরবর্তীতে তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে, কোনো সমাধান না পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে সড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শিন শিন গ্রুপের জেনস প্লাস লিমিটেডের মানবসম্পদ ব্যবস্থাপক মো. জামাল জানান, শ্রমিকদের সব পাওনা টাকা আইনানুযায়ী পরিশোধ করা হয়েছে এবং তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, সব সমস্যা মিটে গেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম জানান, শ্রমিকরা বাৎসরিক ছুটির টাকা এবং অন্যান্য দাবি নিয়ে গত বৃহস্পতিবারও আন্দোলন করেছিলেন, তবে তখনও সমস্যা সমাধান হয়নি। শনিবার সকালে কারখানায় বন্ধের নোটিশ দেখে আবারও শ্রমিকরা সড়কে নেমে আসে।