সাভারের আশুলিয়ায় ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্র-জনতাসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা। এ সময় তারা এ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিও করেন।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুম্মা আশুলিয়ার বাইপাইল ত্রী-মোড় এলাকায় এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সরেজমিনে দেখা যায়, জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লিসহ ছাত্র-জনতা বের হয়ে বাইপাইল ত্রী-মোড় এলাকায় সমবেত হন। এ সময় বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। হাজার হাজার জনতা এই বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
এ সময় তারা বলেন, এ্যাড: সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারসহ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সেই সাথে বাংলাদেশে ইসকন কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এটি শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, বরং দেশের স্থিতিশীলতা ও শান্তির জন্যও হুমকি। আমরা ধর্মীয় বিভেদের বিরুদ্ধে এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে দাঁড়িয়ে আছি।
তারা আরও বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক জাতি হিসেবে পরিচিত। গণঅভ্যুত্থানের পর আমরা হিন্দু ধর্মালম্বীদের মন্দির রক্ষা করেছি। আমরা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নই, বরং উগ্রবাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। হিন্দু ভাই-বোনদেরও দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য এই সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানাই।
বক্তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, ইসকনের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, তারা বাংলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই।