সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতা হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা আকবর হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকার নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আকবর হোসেন মৃধা আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আলতাফ মৃধার ছেলে। তিনি জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি ছিলেন বলে জানা যায়।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলায় আকবর হোসেন মৃধা নামের এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাসুদ আল মামুন বলেন, অভিযুক্ত শ্রমিক লীগ নেতা ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।