সাভারের দত্তপাড়া এলাকার একটি খোলা জায়গা থেকে শান্তা (৩৫) নামের এক নারীর ৪ খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের স্বামী নয়ন (৪০) কে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী।
এর আগে সোমবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার বব-মারলি রেস্তোরাঁর পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহত শান্তা’র (৩৫) বাড়ি ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে বলে জানা যায়। নিহতের স্বামী নয়ন (৪০) পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে সাভারের ওই এলাকায় নারীর মস্তকবিহীন দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর হাত ও মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে। পরে ওই স্থানের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় মাথা ও হাত উদ্ধার করা হয়। এঘটনায় অভিযান পরিচালনা করে রাতেই নিহতের স্বামী নয়নকে আটক করা হয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে নিহতের স্বামী নয়নকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।