সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ফানসুর ওরফে সামসুল হক (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার নিকট থেকে ৪০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ফানসুর ওরফে সামসুল হক (৪৮) চাপাইনবয়াবগঞ্জ জেলার সদর থানার গোটাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়া থানাধীন এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার নিকট হতে ৪০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।