সাভারের হাউজিং প্রকল্প থেকে গ্রেপ্তার ৬৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার সরকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) এএসপি শহিদুল ইসলাম।
এর আগে গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভিতর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা গোপনে জামায়াত-শিবিরের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। পরে সাভার মডেল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এবং এদের বেশীর লোকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলার সরকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) এএসপি শহিদুল ইসলাম বলেন, ৭টি ককটেল, কিছু জিহাদী বই, সদস্য সংগ্রহের ফরম, চাঁদার রশিদ, দেশীয় অস্ত্রসহ ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।