আশুলিয়ায় প্রতারণার অভিযোগে ফুলকলি ক্ষুদ্র সমবায় সমিতির ১৭ প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তাদের প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোমিনুল ইসলাম।
এরআগে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল পৌণে ৫টার দিকে আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব। পরে আজ বুধবার (১৬ নভেম্বর) দুপুরে থানা থেকে প্রিজনভ্যানের মাধ্যমে অন্যান্য আসামীদের সাথে তাদেরকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জে মোঃ জাহিদ হোসেন (৪৩), বাগেরহাটের মোঃ শাহজাহান খান (৪৫), ঝিনাইদহের মোঃ মিজানুর রহমাম (৫৭), বাগেরহাটের কাজী ময়নুল ইসলাম (৩০), পিরোজপুরের মোঃ রাসেল গরামী(২৪), ময়মনসিংহের মাহবুবুর রহমান (৪৪), রংপুরের মোঃ একরামুল হক (৫৫), রংপুরের মোঃ আলামিন (২৬), শেরপুরের মোঃ আইয়ুব আলী (৪২), পিরোজপুরের আসাদুল ইসলাম রিয়াদ(২২), ময়মনসিংহের মোঃ ওমর ফারুক (২২), মানিকগঞ্জের মোঃ রুবেল (২৬), রংপুরের মোঃ হাফিজুর রহমান (৩২), লক্ষিপুরের মোঃ জামাল উদ্দিন (৪২), গাইবান্ধার মোঃ ফারুক হােসেন সরদার (৩৬), মানিকগঞ্জের মোঃ আজাহারুল ইসলাম (২৮) ও ঢাকা জেলার আশুলিয়ার মোঃ মেহেদি হাসান শুভ(২৪)।
জানা যায়, আশুলিয়ার পূর্ব জমগড়া এলাকায় অবস্থিত ফুলকলি ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের নিকট হতে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিছুদিন আগে এই চক্র শহিদুল ইসলাম নামের এক ভুক্তভোগীর নিকট হতে ২৫% লভ্যাংশ দেওয়ার কথা বলে ৩ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে তা আত্মসাৎ করে। পরে তিনি র্যাব-৪ বরাবর একটি অভিযোগ দিলে র্যাব তদন্ত করে প্রতারণার সত্যতা পায়। পরে আভিযান চালিয়ে ওই চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার করে এবং প্রতারণার কাজে ব্যবহৃত নানা ধরনের সরঞ্জাম জব্দ করে।
আশুলিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১৭ আসামীকে থানায় হস্তান্তর করে র্যাব। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।