সাভারে পৃথকস্থানে অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেড় কেজি গাজা, ৫৬ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ই সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে আজ ভোরে সাভারের আমিনবাজার এলাকার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- মানিকগঞ্জের দৌলতপুরের মোঃ আলম ওরফে আলোর স্ত্রী মোছাঃ রহিমা বেগম (৪২), দিনাজপুরের বীরগঞ্জের মোঃ আঃ গফুর মোল্লার স্ত্রী মোছাঃ হাজেরা বানু ওরফে ওজুফা (৫৫) ও সাভার থানাধীন আমিনবাজারের সালেহ পুর পূর্বপাড়া এলাকার মোঃ আব্দুল আউয়ালের ছেলে মোঃ মোসলেম উদ্দিন (৫৫)। রহিমা বেগম ও হাজেরা বানু আমিনবাজার বড়দেশিতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোছাঃ রহিমা বেগম ও মোছাঃ হাজেরা বানুকে আমিন বাজার বড়দেশী পশ্চিমপাড়া ছাত্তার মিয়ার বাড়ির গলি থেকে আটক করা হয়। আর মোঃ মোসলেম উদ্দিনকে আমিনবাজার এলাকার ঢাকা-চন্দ্রা মহাসড়কের আশা হোটেলের সামনে থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাজা জব্দ করা হয়।
সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।