আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি স্টোরে পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে অভিযুক্ত দুই ধর্ষণকারীকে আটক করা হয়।
এরআগে গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ির কাঠালতলা এলাকার হক ভিলার ৯ তলার একটি কক্ষে ধর্ষনের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ওই নারী শ্রমিককে চাকুরীর দেয়ার কথা বলে মুঠোফোনে ডেকে নিয়ে যায় তার পূর্ব পরিচিত সহকর্মী মমিন। পরে তাকে কৌশলে আশুলিয়ার পলাশবাড়ি কাঠালতলা এলাকার হক ভিলার ভাড়া বাসায় নিয়ে মমিন ও তার দুই বন্ধু রফিকুল এবং আরিফ মিলে ওই নারীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষন করে। পরে বিষয়টি কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়। পরে ভুক্তভোগৗ ওই নারী বিষয়টি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষনের ঘটনায় জড়িত দুই জনকে আটক করা হয়েছে। এছাড়াও আরিফ নামে পলাতক অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে।