ঢাকার আশুলিয়ায় চুক্তি ভঙ্গ করে শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্বের প্রতিবাদে ইনজেনিটেক্স বিডি লিঃ ও ইনজেনিটেক্স একটিভ লিঃ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শ্রমিকরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা বিক্ষোভ মিছিলও করেন।
এ কর্মসূচি থেকে শ্রমিকদের চুক্তি অনুযায়ী প্রাপ্য পাওনা দ্রুত পরিশোধ, শ্রমিকদের অনিশ্চয়তা দূর করা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, ইনজেনিটেক্স বিডি লিঃ ও ইনজেনিটেক্স একটিভ লিঃ-এর কারখানা কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী শ্রমিকদে পাওনা পরিশোধে বিলম্ব করছে। এর ফলে শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে আর্থিক অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে কোনো ধরনের গড়িমসি বা বিলম্ব শিল্পাঞ্চলে অসন্তোষের পরিবেশ তৈরি করতে পারে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে শ্রমিকদের সকল বৈধ ও চুক্তিভিত্তিক পাওনা পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষে-প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
কর্মসূচিতে বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে কোনো ধরনের তালবাহানা গ্রহণযোগ্য নয়। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করে শ্রমিকদের মধ্যে বিরাজমান অনিশ্চয়তা দূর করার আহ্বান জানানো হয়।
কর্মসূচি শেষে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি-এর নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্ব অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে আশুলিয়ার বিভিন্ন শ্রমিক ফেডারেশনের শ্রমিক নেতাসহ ইনজেনিটেক্স বিডি লিঃ ও ইনজেনিটেক্স একটিভ লিঃ-এর ভুক্তভোগী শ্রমিকরা। এছাড়াও বিভিন্ন কারখানার শ্রমিকরাও উপস্থিত ছিলেন।