ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর জয় রেস্তোরাঁর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা থানার মান্ডা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সাগর আহম্মেদ (২৫), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চাতৈলভিটি গড়পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ হারুন অর রশিদ (৩৫) ও কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানার বাউসমারি এলাকার জাহিদুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম (২২)। বর্তমানে সাগর আশুলিয়ার পল্লিবিদ্যুৎ গ্রিনসিটি মেজরের বাসায়, হারুন ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এবং নাজমুল আশুলিয়ার টেংগুরি এলাকায় বসবাস করে বলে জানা যায়।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মাসুদ আল মামুন তার সংগীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন নবীনগর জয় রেস্তোরাঁর সামনের এলাকায় অভিযান চালান। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২০ গ্রাম ওজনের ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত হারুন অর রশিদের বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।