আশুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আগের সংবাদ

আশুলিয়ায় গ্যাস ও বিদ্যুতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:৫৭ অপরাহ্ণ, ৩১/০৭/২৬

ঢাকার আশুলিয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৩১ জুলাই) বাদ জুম্মা আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী বলেন, “আমাদের এলাকায় অনেকদিন যাবৎ গ্যাস নেই। এখন ঠিকমতো বিদ্যুৎও থাকে না। আমাদের একটাই দাবি—গ্যাস ও বিদ্যুৎ লাগবে। আমরা এই দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা গ্যাসের অভাবে ঠিকমতো রান্না করতে পারছি না। অতিশীঘ্র আমাদের শ্রীপুর এলাকায় গ্যাস এবং বিদ্যুতের ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাড়িওয়ালা হাফেজ মাওলানা রওনক ইসলাম রনি বলেন, “আজকে ২৫ দিন যাবৎ এলাকায় গ্যাস নেই, চুলা জ্বলে না। এর আগে গ্যাস ধাপে ধাপে আসছে-গেছে। যখন তিতাসের সাথে যোগাযোগ করা হয়, তখন তারা পাওয়ার বাড়িয়ে দেন। গত কয়েক দিনে বহুবার তাদের সাথে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। স্মারকলিপিও দিয়েছি, তাও কাজ হচ্ছে না। আজকে বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়েছি।”

বিদ্যুতের ব্যাপারে তিনি বলেন, “বিদ্যুতের করুণ অবস্থা। আজকে শুক্রবার, ওজু করে যে নামাজ পড়তে যাব, সেই পানিটুকুও পাচ্ছি না।”

গার্মেন্টস শ্রমিক নুরুজ্জামান বলেন, “আমরা অফিস করি। অফিস করে বাসায় ফিরে যে রান্না-বান্না করে খাব, গ্যাস পাচ্ছি না। ঠিকমতো কারেন্ট পাচ্ছি না। অন্যদিকে সিলিন্ডার গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। একটা সিলিন্ডার কিনলে মাসে বাড়তি টাকা গুনতে হচ্ছে। সব মিলিয়ে আমরা চরম দুর্যোগের/দুর্ভোগের মধ্যে আছি।”

স্থানীয় অন্য বাড়িওয়ালা হাজী মো. আব্দুল বাতেন বলেন, “সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে ভাড়াটিয়ারা আছেন, উনাদেরকে টাকা দিয়ে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। আবার আমরা যে ভাড়া কম নেব—আমাদেরও তো গ্যাস বিল দিতে হচ্ছে। সরকার তো গ্যাস বিল কম নিচ্ছে না। গ্যাস থাক আর না থাক, গ্যাসের বিল সম্পূর্ণ দিতে হচ্ছে। যদি বিল না দিই, তাহলে গ্যাসের লাইন কেটে দিচ্ছে। এক দিকে ভাড়াটিয়ারা আমাদেরকে রুমের ভাড়া দিচ্ছে, অন্যদিকে তাদেরকে গ্যাসের বোতলও কিনতে হচ্ছে। কারণ আমরা তাদেরকে ঠিকমতো গ্যাস দিতে পারছি না। এই সমস্যা সমাধানে সরকারের নিকট আমরা আবেদন করছি, আমাদের এই গ্যাসের সমস্যা সমাধান করে দ্রুত গ্যাসের ব্যবস্থা করে দিন।”

এই বিভাগের সর্বশেষ