ঢাকার আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোঃ রোমান (২১) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ সহ এর চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত মধ্যরাতে আশুলিয়ার জিরাবো বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোঃ রোমান (২১) আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি’র অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জিরাবো বাজার বাসস্ট্যান্ড এলাকায় রিকশা থেকে নামার পর পিছন থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো: ট-১১-৪৬৯৩) এসে তাকে চাপা দেয়। এতে রোমান নামের ওই যুবক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুবরণ হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।
আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কাভার্ড্যভানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।