আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডলসহ গ্রেপ্তার ৩, দেশীয় অস্ত্র উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি: লুণ্ঠিত সাড়ে ১২ টন রডসহ গ্রেপ্তার ৪

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৬:১৪ অপরাহ্ণ, ০৬/০২/২৬

ঢাকার আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ১৩ টন রডসহ একটি ট্রাক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও কেরানীগঞ্জ থেকে লুণ্ঠিত প্রায় সাড়ে ১২ টন রড উদ্ধার করা হয়।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে শুক্রবার ভোররাতে সাভারের ভাকুতা ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে লুণ্ঠিত রড উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (২৬), মো. বিজয় (২৮), মো. মানিকুল (৪১) এবং চোরাই মাল ক্রেতা মো. সাইদুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা লুণ্ঠিত মালামাল বিক্রির বিষয়টি স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে সাভারের কান্দি ভাকুতা বাজারের মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজ নামক দোকান থেকে ৫ হাজার ৩০০ কেজি রড এবং কেরানীগঞ্জ মডেল থানার বড়াইকান্দি গ্রামের একটি পরিত্যক্ত কলমি ক্ষেত থেকে আরও ৭ হাজার ২০০ কেজি রড উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের মদনপুর থেকে ১৩ টন রড বোঝাই করে একটি ট্রাক টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ট্রাকটি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে ৭-৮ জন ডাকাত ট্রাকটির গতিরোধ করে। পরে তারা চালক ও হেলপারকে জিম্মি করে ট্রাকসহ রড লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া গ্রেপ্তার চার আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ