ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানাধীন আশুলিয়া কেম্পের ইনচার্জ (এস আই) মাহবুব উল্লাহ সরকার।
এর আগে রবিবার বিকেলে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নোয়াব হোসেন দেওয়ান (৫০) আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার আলী আকবর দেওয়ানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলের দিকে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যাচেষ্টা মামলার আসামি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সাবেক মেম্বার নোয়াব হোসেন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানাধীন আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মাহবুব উল্লাহ সরকার জানান, গ্রেপ্তার আসামীকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।