ঢাকার আশুলিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও অস্ত্রধারী, ভূমিদস্যু আওয়ামী দোসর এম এ মতিন ও তার স্ত্রী মরিয়ম ইয়াসমিনকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় কাঁশফুল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দেলোয়ার হোসেন। তিনি বলেন, আপনাদের জানানো যাচ্ছে যে, আশুলিয়া থানাধীন বাইপাইল মৌজাস্থিত সি এস ও এস এ ২৭৩, ১৯৮, আর এস ৯৭৮,৯৭৪,৯০১ ও ৯৮৬ নং এবং বর্তমান বি এস ১৫৫০৩,১৫৫০৪, ১৩৬৩৬ নং দাগে মোট ৭৫৯ শতাংশ জমি আব্দুর রহিম খান গং ও সেকান্দও আলী গং বিগত ১৯৮৮ এবং ১৯৯৭ ইং সালে খরিদ সূত্রে মালিক হয়ে সীমানা প্রাচীর নির্মান করে ভোগদখলে থাকাবস্থায় ২০২৫ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করিয়াছেন।
নোয়াখালী নিবাসী ভূমি দস্যু এম এ মতিন ও তার স্ত্রী মরিয়ম ইয়াসমিন বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন জাহাংগীরের সহয়তায় এবং তার সন্ত্রাসী বাহিনী দ্বারা জবর দখল করে রেখেছিল।
ভূমি দস্যু মতিনের সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত বোমাবাজি, গুলি, ককটেল বিস্ফোরন খুন খারাপি করে এলাকায় ভীতি প্রদর্শন করিয়া নিজেদের অবস্থান জানান দিত। আমাদের জমিতে ভূমি দস্যু মতিন একটি মিনি জেলখানায় পরিনত করেছিল যাহা এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ভূমি দস্যু মতিন ও তার সন্ত্রাসী বাহিনীকে বিতারিত করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করে। বর্তমানে জমি প্রকৃত মালিকদের দখলে রয়েছে।
কিছু কুচক্রী মহল জমির প্রকৃত মালিকদের বেদখল করার অপচেষ্টা করিতেছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের জমির পাশেই ভূমি দস্যু মতিনের বাংলো বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র, গুলি ও মাদক সহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
ইতিপূর্বে ভূমি দস্যু মতিন, ফারুক সহ টাংগাইলের ৪ জন যুবককে হত্যা করে। আরও কত লোক হত্যা করেছিল বলে আমরা সন্দেহ করছি। এত কিছুর পরেও প্রশাসন উর্ধতন মহলের নির্দেশে ভূমি দস্যু মতিনের স্ত্রী মরিয়ম ইয়াসমিন থানায় আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে।
একই বিষয়ের উপর একই বাদী একই বিবাদীর বিরুদ্ধে কোন প্রকার তদন্ত ছাড়াই একাধিক মামলা নেওয়া কতটুকু যৌক্তিক তাহা আমাদের বোধগম্য নয়। তাই অতি দ্রুত আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রশাসন ভূমি দস্যু মতিনের পক্ষ অবলম্বন না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আরও জানতে চাই উর্ধতন মহলের কাহারা মতিনের সাথে জরিত, ভূমি দস্যু মতিন ও তার স্ত্রী মরিয়ম ইয়াসমিনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।
এ সময় তার সাথে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাইদুজ্জামান সাইদ।