১ হাজার কর্মী নেবে দারাজ, নিজ জেলায় কাজের সুযোগ

আগের সংবাদ

চট্টগ্রাম নগরে ৮ লক্ষাধিক শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

পরের সংবাদ

সড়কে প্রাণ গেল মা ও মেয়ের, আহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:১৩ অপরাহ্ণ, ৩০/০৯/২৫

বগুড়ার আদমদীঘিতে পিকআপের ধাক্কায় স্কুটি আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের মন্ডলপাড়ার ইসলামী ফাউন্ডেশনের কোরআনবিষয়ক শিক্ষক নাজিরা আক্তার মিম (২৭) ও তার মেয়ে নাজিফা আক্তার (২)। নিহত শিক্ষক নাজিরার স্বামী ওই এলাকার একটি মসজিদের ইমাম রমজান আলী তোতা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার আজমেরী ফ্লাওয়ার অ্যান্ড ওয়েল মিল থেকে পশুখাদ্য (ভুসি) ভর্তি একটি পিকআপ বগুড়ার দিকে যাচ্ছিল।

অপরদিক থেকে রমজান আলী তোতা তার স্ত্রী নাজিরা আক্তার ও শিশুকন্যা নাজিফাকে নিয়ে একটি চার্জার চালিত স্কুটিতে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই পিকআপ বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া গ্রামের মোড়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পিকআপের সঙ্গে স্কুটির ধাক্কায় স্বামী রমজান আলীর চোখের সামনেই স্ত্রী নাজিরা এবং শিশু মারা যায়।

খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং থানা পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত রমজান আলীকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিকআপ, একটি চার্জার চালিত অটোরিকশা ও মোটরসাইকেল (স্কুটি) উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের সর্বশেষ