ঢাকার সাভারে কর্মস্থল থেকে দুপুরের খাবারের জন্য বাসায় ফেরার পথে সোলাইমান হোসাইন (২২) নামের এক পোশাক শ্রমিক নিখোঁজ হয়েছেন। ঘটনার চারদিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আল-মুসলিম গার্মেন্টস থেকে বাসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ সোলাইমান টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি সাভার পৌরসভার গেন্ডা এলাকায় চুন্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
নিখোঁজ সোলায়মানের চাচা আল মুসলিম গার্মেন্টসের এজিএম হামিদুল ইসলাম জানান, নিখোঁজের দিন সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে আসে সোলাইমান। দুপুরের খাবারের জন্য বের হয়ে আর ফেরেনি। রাতেও বাসায় না ফেরায় মোবাইলে ফোন দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়। পরে তার সন্ধান চেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৫৫) করা হয়েছে।
তিনি আরও জানান, নিখোঁজ সোলাইমানের কোনো আর্থিক লেনদেন-সংক্রান্ত জটিলতা, পারিবারিক বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। এমনকি তার কর্মস্থলে কারো সাথেও কোনো বিরোধ ছিল না।
সোলাইমানের বাবা ইসমাইল হোসেন বলেন, আমার ছেলের সাথে কারো শত্রুতা নেই। কারো সাথে ঝামেলাও নেই। তার নিখোঁজের ঘটনায় খুব দুশ্চিন্তায় আছি। আমি শুধু চাই সে নিরাপদে পরিবারে ফিরে আসুক।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, অনুসন্ধানে এখন পর্যন্ত নিখোঁজের কোনো সূত্র পাওয়া যায়নি। তবে তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।