চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাঁশখালী সেনা ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে। অভিযানটি পরিচালনা করেন বাঁশখালী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মেজর মোহাম্মদ সা-আদাত।
গ্রেফতারকৃতরা হলেন— মাহফুজুর রহমান (২৫), মো. রাসেল তাজু (১৮), আফরা বেগম (৩০) ও ফাতেমা বেগম (২৩)।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক চক্রটি কক্সবাজারের পেকুয়া থেকে বাঁশখালী সড়ক ব্যবহার করে ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে বাঁশখালীর নাপোড়া এলাকা থেকে প্রথমে মাহফুজুর রহমানকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে কালিপুরের গুনাগরী এলাকা থেকে নজরুল ইসলামের ছেলে মো. রাসেল তাজুকে আটক করে সেনাবাহিনী। তাদের বাড়ি আনোয়ারা উপজেলায়।
পরবর্তীতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পেকুয়ার টৈইটং এলাকা থেকে পাচারকারী চক্রের দুই নারী সদস্য আফরা বেগম ও ফাতেমা বেগমকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত দুই-তিন মাসে তারা নানা কৌশলে অন্তত ২০ বার কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।