মরদেহ নিতে চান না হুমাইরার বাবা, অভিনেত্রীর ময়নাতদন্ত সম্পন্ন

আগের সংবাদ

বন্যার প্রস্তুতি ও করণীয়

পরের সংবাদ

শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ শুরু করলেন মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:১৩ অপরাহ্ণ, ১১/০৭/২৫

প্রথমার্ধে ৩টি আর দ্বিতীয়ার্ধে ৬টি শ্রীলঙ্কার জালে মোট ৯ গোল দিয়ে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসর শুরু করেছে বাংলাদেশ। শেষের যোগ করা সময়ে এক গোল হজম করায় ম্যাচের স্কোরলাইন ( ৯-১) দাঁড়ায়।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রি কিক থেকে শ্রীলঙ্কার গোলমুখ খোলেন স্বপ্না রাণি। তিন মিনিট পর দ্বিতীয় গোল করেন মুনকি আক্তার। সাগরিকা নিজের প্রথম গোলটি করেন ম্যাচের ৩৭ মিনিটে। এই তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে মুনকি করেন নিজের দ্বিতীয় গোল। দুই মিনিট পর ব্যবধান ৫-০ করেন সিনহা জাহান শিখা। এর পর ৫৩ ও ৫৮ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। ৮৬ মিনিটে রুপা আক্তারের গোলে স্কোরলাইন ( ৮-০) দাঁড়ায়।

ম্যাচে লঙ্কান গোলকিপার থারুশিকা দোদামগোদাগের নৈপুণ্যে আরও গোলের সুযোগ থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। দারুণ বেশ কিছু সেভ করে নজর কাড়েন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আসে ম্যাচে শ্রীলঙ্কার একমাত্র খুশির মুহূর্ত। আচমকা আক্রমণ থেকে এক গোল শোধ করেন লায়ানসিকা জাসোথারান। অবশ্য দুমিনিট পরেই শান্তি মার্দি আরও একটি গোল করেন বাংলাদেশের হয়ে।

রবিবার সন্ধ্যা ৭টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবেন সাগরিকারা।