আশুলিয়ার কবিরপুর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহত ঘটনা ঘটেনি।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে ইতিহাস পরিবহনের (ঢাকা মেট্টো- ব ১৫- ৭১৩৭) একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সন্ধ্যার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় পৌছলে দৃর্বৃত্তরা যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে নেয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, বাসে আগুনের খবর পেয়ে আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, বাসটি এই মুহুর্তে কবিরপুরের একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।