আজ (সোমবার) দুপুর ১২টা থেকে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২’র প্লেয়ার্স ড্রাফট। তার আগে সকালে জানা গেলো অংশগ্রহণকারী ছয় দলের অটো চয়েজ হিসেবে নেওয়া খেলোয়াড়দের তালিকা।
অনানুষ্ঠানিক খবরে আগেই জানা গিয়েছিল, পাঁচটি দলের অটো চয়েজ হিসেবে ডাক পাওয়া দেশি খেলোয়াড়দের নাম। সকালে আনুষ্ঠানিক বিবৃতিতে ষষ্ঠ দল তথা ঢাকার অটো চয়েজ খেলোয়াড় হিসেবে জানানো হলো মাহমুদউল্লাহ রিয়াদের নাম।
রোববার রাতে হুট করেই খবর বেরিয়েছে, ঢাকার মালিকানা হারিয়েছে রুপা ও মার্ন গ্রুপ। তাই আজকের ড্রাফটে এই দলটির পক্ষে ড্রাফট টেবিলে বসবে বিসিবির কর্তারাই। অর্থাৎ বিসিবিই আপাতত ঢাকার দল গঠন করবে। যার ধারাবাহিকতায় মাহমুদউল্লাহকে দলে নিয়েছে তারা।
এছাড়া আগেই কুমিল্লায় মোস্তাফিজুর রহমান, সিলেটে তাসকিন আহমেদ, খুলনায় মুশফিকুর রহিম, চট্টগ্রামে নাসুম আহমেদ ও বরিশালে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তবে দলগুলোর নাম কী হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি আয়োজকরা।
অটো চয়েজ হিসেবে একজন করে দেশি খেলোয়াড় ছাড়াও তিনজন করে বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ ছিল সব ফ্র্যাঞ্চাইজির সামনে। এ সুযোগটি কাজে লাগিয়েছে শুধুমাত্র খুলনা ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি। তারা তিনজন বিদেশি এরই মধ্যে নিয়েছে নিজেদের দলে।
অন্যদিকে ঢাকা ও কুমিল্লা কোনো বিদেশিকে দলে ভেড়ায়নি। তারা ড্রাফট থেকে সংগ্রহ করবে স্কোয়াডে বাকি ২১ জন খেলোয়াড়। সবমিলিয়ে নিজেদের স্কোয়াডে সর্বোচ্চ ১৪ জন দেশি ও ৮ জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে তারা। এ নিয়ম মেনেই সোমবার ড্রাফটে বসবে ফ্র্যাঞ্চাইজিগুলো