আশুলিয়ায় প্যাক্সার বাংলাদেশ লিমিটেড নামের একটি পোশাক তৈরী কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (নতুন ইপিজেড) প্যাক্সার বাংলাদেশ লিমিটেড, ইউনিট-২ এর ভবনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই কারখানায় অগ্নিকান্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের আরও ৩টি ও ১টি স্পেশাল ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটসহ মোট ৯টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত চলছে, পরে জানানো হবে।