আশুলিয়ায় ভাড়া বাসার টয়লেট থেকে জামাল (৫২) নামের এক কেয়ারটেকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতের মরদেহটি ময়নাতদন্তর জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোমবার সকালে আশুলিয়ার বেরণ এলাকার আব্দুল মজিদের টিনশেডের ভাড়াবাড়ি থেকে ওই কেয়ারটেকারের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দিবাগত মধ্যরাতে কক্ষ থেকে বের হয়ে টয়লেটে গিয়ে আর ফেরেনি তিনি। পরে সকালে পরিবারের সদস্যদের ঘুম ভাঙলে তাকে না পেয়ে খোঁজ শুরু করেন। এ সময় টয়লেটের দরজা বাইরে থেকে বন্ধ দেখে অনেক ডাকাডাকির করেও কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে টয়লেটের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ নিহতের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল হক জানান, পারিবারিক কলহের জেরে জামাল নামের ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের মরদেহটি ময়নাতদন্তর জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।