নিজস্ব প্রতিবেদক, সাভার:
সাভারে অটোরিকশা আটক করে জরিমানার নামে হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশার চালক ও মালিকরা। এ সময় তারা ‘পুলিশ গাড়ি ধরে টাকা খায়’ দাবি করে এর প্রতিবাদ করেন এবং অবিলম্বে তা বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের মাধ্যমে রাজপথ বন্ধ করে দেয়ার হুমকি দেন তারা।
এর আগে সাভার পৌরসভার বিভিন্ন এলাকা থেকে রিকশাচালক ও মালিকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভার পৌরসভা চত্বরে হাজির হয়। এ সময় তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সাভার পৌরসভার মেয়র হাজি আব্দুল গনি তাদের সামনে এসে আগামী এক সপ্তাহের মধ্যে প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
এরপর রিকশাচালক-মালিকরা মিছিল নিয়ে সাভার উপজেলা পরিষদ কার্যালয় উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের কাছে যান।
অটোরিকশা মালিক এনায়েত উল্লাহ জানান, মহাসড়কে অটোরিকশা চালানো নিষিদ্ধ থাকায় আমাদের চালকরা শাখা সড়কে রিকশা চালিয়ে থাকেন। কিন্তু পুলিশের কিছু দালাল রয়েছে যারা শাখা সড়ক থেকে অটোরিকশাগুলোকে জোর করে ধরে নিয়ে যায়। পরবর্তীতে রিকশা প্রতি এক থেকে তিন হাজার টাকার বিনিময়ে সেগুলো ছেড়ে দেয়া হয়। টাকা না দিলে রিকশাগুলো ডাম্পিংয়ে পাঠিয়ে দেয়।
তিনি আরও বলেন, আমাদের একটি রিকশা ডাম্পিংয়ে গেলে সারা বছরের আয়-রোজগার শেষ। পুলিশ কেন অবৈধভাবে আমাদের গাড়ি আটকে টাকা আদায় করে? আমরা প্রশাসনের নিকট এর কারণ জানতে চাই।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গরিব রিকশাচালকদের জীবন বাঁচানোর অনুরোধ করেন তিনি।