ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার রাতে সাভার মডেল থানাধীন জালেশ্বর এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের উত্তর জামসিং এলাকার মোঃ নাজমুল খন্দকারের ছেলে মোঃ ইয়াসিন খন্দকার তানজিল (৩২) ও সাভারের ভাটপাড়া রেডিও কলোনি এলাকার মৃত জালাল হাওলাদারের ছেলে ইমরান হোসেন (২৪)।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন জালেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পেশাদার মাদক কারবারি ইয়াসিন খন্দকার তানজিল ও ইমরান হোসেনকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৪ হাজার ১০০ টাকা।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোঃ ইয়াসিন খন্দকার তানজিল এবং ইমরান হোসেনের বিরুদ্ধে পূর্বের ১টি করে মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।