ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
এর আগে বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শিমলাপাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে মোঃ আলতাব হোসেন (৩৮), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দক্ষিণ কামার গ্রাম এলাকার ইসহাক মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া (৪০) এবং রাজশাহী জেলার বাঘা থানার ফতেপুর এলাকার মৃত এরশাদ প্রামানিকের ছেলে মোঃ শুকচাঁন আলী (৩৭)। বর্তমানে আলতাব আশুলিয়ার জামগড়া এলাকায় ফকিরের বাড়িতে, নয়ন বগাবাড়ি সোনিয়া মার্কেট এলাকায় এবং শুকচাঁন পলাশবাড়ী ফ্রান্স স্কুলের সামনে ভাড়া বাসায় বসবাস করে বলে জানা যায়।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ায় বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আলতাব, নয়ন ও শুকচাঁনকে আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ আলতাব হোসেনের বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।