ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে ৪জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (২৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার গৌরিপুর ও আরফান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার দক্ষিণ গৌরিপুর এলাকার মৃত হাসেন আলীর মেয়ে ও সাহাব উদ্দিনের স্ত্রী হোসনে আরা বেগম (৫৫), আশুলিয়ার আউকপাড়া এলাকার মৃত নবাব আলীর ছেলে মোঃ শফিউল ওরফে শাফি (৪২), ভোলা জেলার তজুমদ্দিন থানার চর মোজাম্মেল এলাকার মোঃ কাজলের ছেলে মোঃ রাশেদ (২২) এবং জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাদারগঞ্জ এলাকার মৃত নওশের আলীর ছেলে মোঃ আরিফ হোসেন (৩১)। বর্তমানে রাশেদ আশুলিয়ার দক্ষিণ গৌরিপুর এলাকায় এবং আরিফ হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানাধীন পূর্ব বগাবাড়ি এলাকায় বসবাস করে বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে হোসনে আরা বেগম, মোঃ শফিউল ওরফে শাফি ও মোঃ রাশেদ নামের তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে মাদক কারবারিদের হেফাজত থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এরপরে একই দিন রাত পৌণে ১২টার দিকে ডিবি পুলিশের অপর একটি আভিযানিক দল আশুলিয়ার আরফান মার্কেট সংলগ্ন নাভানা ভিলেজ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আরিফ হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম ওজনের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত হোসনে আরা বেগমের বিরুদ্ধে পূর্বের ১টি মাদক, রাশেদের বিরুদ্ধে ১টি মাদকসহ মোট ২টি ও আরিফ হোসেনের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।