আশুলিয়ায় গাঁজা-ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

পরের সংবাদ

আশুলিয়ায় চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:৫৯ অপরাহ্ণ, ০৮/০৬/২৬

ঢাকার আশুলিয়ায় চালককে অচেতন করে অটোরিকশা (মিশুক) ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে মলম পার্টি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

সোমবার (০৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।

এর আগে রবিবার রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে অটোরিকশাটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে সোমবার ভোররাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে তাদেরকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলো- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার উত্তর আজিবপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৪৭), একই থানার মৌজানালিবাড়ি এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আতিকুর রহমান (৪১) ও নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ কুমারপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ আরিফ (২৭)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া থাকত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে লাল মিয়া নামের এক অটোচালককে অচেতন করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় মলম পার্টির লোকজন। পরে স্থানীয়রা ওই অটোরিকশা চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে পাঠায়। ঘটনার খবর পেয়ে পুলিশ অটোরিকশা উদ্ধারে অভিযান শুরু করে। পরে সোমবার ভোররাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে এবং তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, চালককে অচেতন  করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা  দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  একই সাথে আটককৃতদের হেফাজত থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।