ঢাকার আশুলিয়ায় এক রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১টি চাকু এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুম (৩২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে আশুলিয়ার দুর্গাপুর ইলেক্ট্রো পাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মাসুম (৩২) নরসিংদী জেলার সদর থানার খিদিরপুর এলাকার মোঃ মিলন মিয়ার ছেলে। বর্তমানে সে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় মামুনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে আশুলিয়ার দুর্গাপুর ইলেক্ট্রো পাওয়ার এলাকায় মাসুম নামের ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার হেফাজত থেকে এক রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১টি চাকু ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ডিবি পুলিশের সোর্স হিসেবে দাবি করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুল ইসলাম জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।