ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে হিমেল মীর (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪।
এর আগে বুধবার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হিমেল মীর আশুলিয়ার জামগড়া মীর বাড়ি এলাকার মো. জামান মীরের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত হিমেল মীর ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে আশুলিয়াসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। চক্রটি অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিলো। চাঁদা না পেলে মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
এছাড়া, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি চিহ্নিত করে ডাকাতি এবং মহাসড়ক ও আঞ্চলিক সড়কে চলাচলরত বাস, ট্রাক ও গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতির সাথেও হিমেল মীর ও তার দল সরাসরি জড়িত বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত হিমেল মীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।