ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্রসহ আফজাল হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ২ রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাতে আশুলিয়ার মধ্য গাজিরচট ইউনিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আফজাল হোসেন (৪৭) আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার ওয়াহিদুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের ব্যবসা করছে বলে জানায় ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার মধ্য গাজিরচট ইউনিক এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোড এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ আফজাল হোসেন অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড রিভলবারের গুলি, ১টি বিদেশী ওয়ান শটারগান, ১টি স্টীলের তৈরি ধারালো ছোরা, ১টি লোহার তৈরি প্লাস্টিকের বাটসহ ধারালো ছোরা ও ১টি স্টীলের তৈরি চাইনিজ কুড়াল সাদৃশ্য অস্ত্রসহ ১টি পুরাতন নীল কালো মিশ্রিত সুজুকি মোটর সাইকেল উদ্ধাৃর পূর্বক জব্দ করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, আটক আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উদ্ধারকৃত অস্ত্রদ্বারা পলাতক সহযোগীদের সহায়তায় সে দীর্ঘ দিন যাবত এলাকায় আদিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। তার বিরুদ্ধে ১টি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ৯টি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটক আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।