ঢাকার আশুলিয়ায় একটি ভাড়াবাসা থেকে সানজিদা নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে ।
বুধবার (০৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর ফারেনটেক এলাকার নজরুল ইসলামের মালিকানাধীন ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সানজিদা (২০) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন জিয়ানপুর এলাকার মৃত তসলিম শেখের মেয়ে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ১০ থেকে দুপুর ২টার মধ্যবর্তী কোন এক সময় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। রুমের ভিতর নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সানজিদা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তের মরদেহ পাওয়ার জন্য আবেদন করেছেন। তাই মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।