ঢাকার আশুলিয়ায় রোকমা খাতুন নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (০৮ এপ্রিল) সকাল ১১টার দিকে বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোকমা খাতুন (২২) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত ‘ইকো গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়। তার স্বামীর নাম মো. ইউসুফ ওরফে হৃদয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইপাইল বালুর মাঠ এলাকায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহতের মাথায় ও মুখে আঘাতের চিহ্নি রয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রোকমা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঠিক কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যহত রয়েছে।