ডিবি পরিচয়ে লুট হওয়া স্বর্ণ সাভার থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

আগের সংবাদ

গোবিন্দগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

পরের সংবাদ

খুলনায় উচ্ছেদ অভিযানে পুলিশ-বাসিন্দার সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:৫৭ অপরাহ্ণ, ২১/০৯/২৫

খুলনায় অবৈধ দখলদার উচ্ছেদকালে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। আজ রোববার সকাল থেকে নগরীর খালিশপুর বাস্তুহারা এলাকার মুক্তিযোদ্ধা কলোনিতে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাত-আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে গেলে কলোনির বাসিন্দারা বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে কলোনির বাসিন্দাদের তর্কবিতর্কের একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকার লোকজন জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ লাঠিপেটা করায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বাস্তুহারা সড়ক আটকে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়।

একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকাবাসী। ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা চলাকালে পুলিশ ছত্রভঙ্গ করতে কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে। পরে পুলিশ পিছু হটলে পরিস্থিতি ক্রমান্বয়ে শান্ত হতে থাকে।


পুলিশ জানিয়েছে, সংঘর্ষের কারণে উচ্ছেদ অভিযান সাময়িক বন্ধ রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের পাশাপাশি অন্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) রাশিদুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার পর গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান স্থগিত করেছে। পুলিশ বাস্তুহারা স্থান থেকে সরে গেছে। বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

এই বিভাগের সর্বশেষ