আশুলিয়ায় সিলিন্ডারের লিকেজ থেকে বাসাবাড়িতে আগুন

আগের সংবাদ

নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে: কাতার

পরের সংবাদ

চাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৩:৪৩ অপরাহ্ণ, ১৭/০৯/২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের মনোনয়নপত্র জমাদানের সময়সীমা একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সময় বাড়ানোর আবেদন করে চবি শাখা ছাত্রদল।

এর ফলে বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং জমা দেওয়া যাবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার মধ্যে।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নের সময়সীমা বৃদ্ধির দাবি জানায় শাখা ছাত্রদল। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দেয়।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সংঘর্ষে আহতসহ অনেক শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন দিয়েছি।

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জরুরি সভা করেছি। সভার সিদ্ধান্ত অনুযায়ী চাকসুর নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের সময় একদিন বৃদ্ধি করেছি। অর্থাৎ বুধবার বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র নিতে পারবে এবং বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে।

লিখিত আবেদনে ছাত্রদল জানায়, ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীর হামলায় আহত হয়ে অনেক শিক্ষার্থী এখনো গ্রামের বাড়িতে অবস্থান করছেন। একই সঙ্গে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলায় নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেননি। এমন পরিস্থিতিতে মনোনয়ন জমাদানের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হলে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা যেত।

উল্লেখ্য, গত ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হয়। বুধবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।