চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সিএনজির চালক এবং যাত্রীরা সময়মত গাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচতে সক্ষম হন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আসিফুল হক জানান, সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের শব্দ শোনা যায় এবং কিছুক্ষণের মধ্যে আগুন ধরে যায়। এতে সিএনজি চালকসহ যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে যান।
ক্ষতিগ্রস্ত সিএনজি চালক শফিউল আলম (৪৫) জানান, তিনি কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের বাসিন্দা এবং মইজ্জ্যারটেক থেকে দুইজন যাত্রী নিয়ে পরৈকোড়া ইউনিয়নের সত্তারহাট বাজার যাচ্ছিলেন।
তিনি বলেন, এটি ছিল আমার জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম। এখন আমার সিএনজিটি পুড়ে গেছে, আমি কীভাবে পরিবারকে সহায়তা করব।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আরিফুজ্জামান শেখ বলেন, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ইঞ্জিন হিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে, তবে ৩ লাখ টাকার যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।