ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি আছে ২০২৭ এর জুন পর্যন্ত। তবু এখনই তার সঙ্গে নতুন চুক্তি করতে চায় রিয়াল। তবে চুক্তি নবায়নের শর্ত হিসেবে মোটা অঙ্কের বোনাস দাবি করেছেন ব্রাজিলিয়ান এই তারকা, সঙ্গে আছে বেতন বৃদ্ধির দাবিও। এমন খবরই ইউরোপিয়ান সংবাদ মাধ্যমে। তবে গেল মৌসুমে ভিনিসিয়ুস তেমন পারফর্ম করতে পারেননি যেমনটি রিয়াল সমর্থকরা তার কাছ থেকে আশা করেন। আর রিয়াল ও ভিনির মধ্যে চলমান এই অস্থিরতার সুযোগ নিতে চাচ্ছে সৌদি আরবের ক্লাব আল আহলি।
ভিনির জন্য বিপুল অর্থ নিয়ে মাঠে নামছে সৌদি ক্লাবটি। আর আহলির প্রস্তাব রিয়াল গ্রহন করলে রেকর্ড ট্রান্সফার ফিতেই দল-বদল হবে ভিনিসিয়ুসের।
টক স্পোর্টস এর বেন জ্যাকব বলছেন, ৩৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে আল আহলিতে দল-বদলের প্রস্তাব দিতে যাচ্ছে সৌদি ক্লাবটি। এর আগে নেইমার ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন। এখন পর্যন্ত সেটিই সবচেয়ে ব্যয়বহুল দল-বদল হিসেবে টিকে আছে।
(২০২৪-২০২৫) মৌসুমে রিয়ালের হয়ে ৫৮ ম্যাচে ১৯ গোল করা ভিনিসিয়ুস এর আগে একাধিকবার জানিয়েছিলেন, তিনি বার্নাব্যু ছাড়তে চান না। অবশ্য ভিনিসিয়ুসকে নিয়ে আলোচনা নতুন নয়। গত এক বছর ধরেই সৌদি কর্তারা এই ব্রাজিলিয়ানকে নিজেদের লিগের দলে চাইছে। আল আহলি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ জিতেছে। আল আহলির সঙ্গে পিআইএফ বা সৌদি সরকারি বিনিয়োগ ফান্ড আছে। ফলে ৩৫০ মিলিয় অর্থ ক্লাবটির জন্য কোন বিষয় নয়।
শুধু ট্রান্সফার ফিতেই নয় ভিনিসিয়ুসের জন্যও দারুণ বেতনের প্রস্তাব দেবে আল আহলি। ধারণা করা হচ্ছে, পাঁচ বছরের চুক্তিতে ১ বিলিয়ন ইউরো অফার করা হবে ভিনিসিয়ুসকে। অর্থাৎ বছরে ২০০ মিলিয়ন ইউরো। আর এই চুক্তিতে রাজি হলে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার হবেন ভিনিসিয়ুস। আল নাসর থেকে বছরে রোনালদো বেতন পান ২৪৪ মিলিয়ন ইউরো, এটিই সর্বোচ্চ।
২০১৭ সালে মাত্র ১৬ বছর বয়সে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে আসেন ভিনি। তার বর্তমান বয়স ২৫ বছর। আল আহলি বোর্ড মনে করছে, এই সময়েই ক্যারিয়ারের পিক ফর্মে আসতে চলেছেন ভিনি।