৪ ওভারে ৪ উইকেট, শ্রীলংকাকে ধসিয়ে দিলেন মেহেদি

আগের সংবাদ

গোপালগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

পরের সংবাদ

শ্রীলংকাকে ১৩২ রানে থামিয়ে, সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:২০ অপরাহ্ণ, ১৬/০৭/২৫

শ্রীলংকাকে ১৩২ রানে থামিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

জিতলেই সিরিজ নিশ্চিত, হারলে সিরিজ হাতছাড়া। এমন কঠিন সমীকরণের ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন অফ স্পিনার শেখ মেহেদি হাসান। তার ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২০ ওভারে ১৩২ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। মেহেদি ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন মেহেদি।

শ্রীলংকাকে কম রানে থামিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর টাইগাররা যদি ব্যাটিংয়েও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেন তাহলে সিরিজ জয় নিশ্চিত হতে পারে। তাহলে ওয়ানডে (২-১) সিরিজ হারের আক্ষেপ ঘুঁচবে।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা। এনিয়ে টানা ৯ ম্যাচে টসে হারেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় শ্রীলংকা। পেস বোলার শরিফুল ইসলামের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লংকান ওপেনার কুশাল মেন্ডিস।

এরপর শ্রীলংকা শিবিরে ত্রাসের রাজত্ব কায়েম করেন অফ স্পিনার শেখ মেহেদি হাসান। ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের পরিবর্তে সুযোগ পেয়েই বাজিমাত করেন মেহেদি।

তিনি নিজের প্রথম স্পেলে টানা তিন ওভারে একের পর এক সাজঘরে ফেরান শ্রীলংকার তিন অধিনায়ককে। প্রথমে আউট করেন সাবেক অধিনায়ক কুশাল পেরেরাকে।

তিন বছর পর দলে ফেরা শ্রীলংকার সাবেক আরেক অধিনায়ক দীনেশ চান্দিমালকেও আউট করেন শেখ মেহেদি। নিজের তৃতীয় শিকারে পরিণত করেন শ্রীলংকার বর্তমান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে।

প্রথম স্পেলে শেখ মেহেদি ৩ ওভারে মাত্র ১১ রানে শিকার করেন ৩ উইকেট। এরপর দ্বিতীয় স্পেলে এক ওভার করার সুযোগ পেয়ে ইনিংসের শুরু থেকে দেখে শুনে খেলে যাওয়া লংকান ওপেনার পাথুম নিশাঙ্কাকেও আউট করেন মেহেদি। তার বলে পরিস্কার বোল্ড হয়ে ফেরেন নিশাঙ্কা। তার আগে ৩৯ বলে চার বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৪৬ রান করার সুযোগ পান লংকান ওপেনার।

দলীয় ৬৬ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন পাথুম নিশাঙ্কা। দলীয় ৮৮ রানে শামিম পাটোয়ারীর বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কামিন্দু মেন্ডিস। দলীয় ১০৩ রানে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন জাফরি ভেন্ডারসি।

শেষ দিকে সাবেক অধিনায়ক দাসুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ে ১৩২ রান তুলে শ্রীলংকা। ২৫ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৫ রান করে অপরাজিত থাকেন শানাকা।