কার্টুনে ভরা ৯ টুকরো লাশের রহস্য উদঘাটন, গ্রেফতার ২

আগের সংবাদ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় তাঁতীলীগ নেতা গ্রেপ্তার!

পরের সংবাদ

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩০ কক্ষ

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১২:২২ অপরাহ্ণ, ১৪/০৪/২৫

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে রান্নার চুলা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০টি কক্ষ ও ২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় রবিনের মালিকানাধীন একটি শ্রমিক কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের সময় টিনসেড ঘরের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা পাশের অন্যান্য টিনসেড ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রায় ৩০টি কক্ষ ও ২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, আগুনের সূত্রপাত হয়েছে গ্যাসের চুলা থেকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।