ঢাকার আশুলিয়ায় ফেসবুকে ভাইরাল ‘ক্রিম আপা’ নামে পরিচিত শারমিন শিলার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করা হয়।
অভিযুক্ত শারমিন শিলা আশুলিয়া এলাকায় বসবাস করেন এবং পেশায় একজন বিউটিশিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজের তৈরি করা প্রসাধনী বিক্রির পাশাপাশি দুই সন্তানকে সামনে এনে নানা ধরনের ভিডিও প্রকাশ করে থাকেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩০ মার্চ বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন শারমিন শিলা। ভিডিওটিতে দেখা যায়, তিনি তার ছোট্ট মেয়েকে (আনুমানিক বয়স ২ বছর) জোর করে এক হাত দিয়ে মুখে চাপ দিয়ে হাঁ করিয়ে মেয়ের অসম্মতিতে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। এছাড়া আরও বিভিন্ন ভিডিওতে শিশু সন্তানদের চুল কাটানো, রঙ করা, ভারী দুল পরানো, গালিগালাজ ও শারীরিক নির্যাতনের মতো দৃশ্য প্রকাশ করেছেন তিনি।
অভিযোগ রয়েছে, ভিউ এবং অর্থ উপার্জনের জন্য দীর্ঘদিন ধরেই দুই শিশু সন্তানের প্রতি অবহেলা, উৎপীড়ন ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন শিলা। এসব ঘটনায় শিশুদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইন ২০১৩ এর ৭০ ধারায় মামলা হয়েছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।