সাভারে সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন নিরাপত্তাকর্মী। খবর পেয়ে সাভার ট্যানারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় উপজেলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের সাব-অফিসার শরিফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ছাড়াও ঘটনাস্থল থেকে এক নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে আগুনে অফিসের অনেক নথিপত্র পুড়ে গেছে।
তিনি আরও বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। অগ্নিকাণ্ডের সময় ওই অফিসের আনোয়ার হোসেন নামে এক নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।