পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম সুরুজের নির্বাচনী অফিসে ভাংচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে শিমুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কলতাসুতি এলাকায় নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানায়, রাত ৯টার দিকে হটাৎ করেই নির্বাচনী ক্যাম্পে বিকট আওয়াজ আসতে শুরু করে একপর্যায়ে সেখান থেকে আগুনও দেখা যায়। পরে ক্যাম্পে গিয়ে দ্রুত পানি দিয়ে আগুন নেভানো হয়। কে বা কারা এই আগুন দিয়ে কেউ কিছু জানাতে পারে নি।
এ বিষয়ে শিমুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম সুরুজ বলেন, আমি ছিলাম টেঙ্গুরি এলাকার একটা মিটিংয়ে। প্রায় শেষের পথে আমাকে খবর দেয়া হইছে আমার অফিসে আগুন দিছে। ওখান থেকে ছুইটা আইসা দেখলাম চেয়ার আর বড় একটা ব্যানার পুড়াই দিছে। চেয়ার ভাঙছে, কাপড় দিয়া বানানো একটা নৌকা ছিলো ওটা নিয়া গেছে। দুইবার বিপুল ভোটে আমি নৌকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও আমার অবস্থান খুবই ভালো। দলচ্যুত বিদ্রোহী প্রার্থীসহ বিএনপির যারা আছে তারা হিংসা, ক্ষোভ ও জিদ থেকে এই কাজ করেছে।
খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। তিনি বলেন, মোবাইল ফোনে এখানে একটা নির্বাচন অফিসে আগুন লাগার খবর পেয়েছি। দ্রুত এসে আমি যা দেখলাম, চেয়ার পুড়ে গেছে, কিছু ব্যানার পুড়ছে। আশপাশের লোকজন ও দোকানদার এসে আগুন নিভাইছে। তবে তারা কাউকে চিনতে পারে নাই। কারা করছে এঘটনাটা এখনও কারো জানা নাই। তবে তদন্ত করে আমরা বের করবো আসলে কারা এই কাজটা করছে?