আশুলিয়ায় বাথরুমের বালতির পানিতে ডুবে ফাতেমা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা গাইবান্ধা জেলার সদর থানার দুর্গাপুর পশ্চিমপাড়া এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশুর মা পেশায় একজন গার্মেন্টস কর্মী। বাসায় তাকে দেখাশোনা করেন তার বড় বোন (১৮)। তার বাবা পেশায় অটোচালক, তবে তিনি গ্রামের বাড়িতে থাকেন। মাঝেমধ্যে তাদেরকে দেখার জন্য ঢাকায় আসেন।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো আজ সকালেও তার মা ওই শিশু এবং তার বোনকে বাসায় রেখে গার্মেন্টে যান। বাসায় শিশু ফাতেমা ও তার বোন ছিলেন। বিকেলে তার বোন তাকে বাসায় রেখে বাসার পাশের একটি দোকানে যান। দোকান থেকে ফিরে দেখেন বাথরুমের মধ্যে বালতির পানিতে শিশুটি মাথা নিচের দিকে দিয়ে ডুবে আছে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।