বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধামরাই কলেজ শাখার সভাপতি হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) রাতে আশুলিয়ার নবীনগর (ডিওএইচএস) আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবিবুর রহমান খান হাবিব ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভিপি। তিনি ধামরাই পৌর এলাকার মোকামতলা মহল্লার মোহাম্মদ লাবু খানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নবীনগর (ডিওএইচএস) আবাসিক এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আগামীকাল রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত যে, গত বছরের ৫ আগস্ট সকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদের মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ৮ আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত বছরের ২১ আগস্ট ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮২ নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অন্তত (৮০-৯০) জনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।