ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় বিশ্বের প্রভাবশালী তিন দেশ—যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২১ সেপ্টেম্বর) এই তিন দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না।
বেলফোর চুক্তির ১০৮ বছর পর যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যা বিশ্বব্যাপী স্বাগত জানানো হলেও ইসরায়েলের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু বলেন, “স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনো হবে না।”
তিনি আরও বলেন, “জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরুদ্ধে আমাদের লড়াই চালাতে হবে। এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো এবং আমাদের অস্তিত্বের জন্য হুমকি।” নেতানিয়াহু জাতিসংঘে ইসরায়েলের অবস্থান তুলে ধরার কথা উল্লেখ করে বলেন, “এটি আমাদের জমি। শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি হলো শক্তির মাধ্যমে শান্তি।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, জাতিসংঘে ভাষণের পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে, ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি বিশ্বব্যাপী ব্যাপক সমর্থন পেলেও ইসরায়েলের কঠোর অবস্থান আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।